টেস্ট মর্যাদা পাওয়ার ১৬ বছর পর বাংলাদেশের প্রথমবার ভারত সফর করার উপর বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গেল। যে সফরের জন্য সম্মতি জানিয়েছিল খোদ বিসিসিআই, এখন তারাই উল্টো সুর গাইছে। চলতি বছরের আগস্টে বাংলাদেশ দলের সঙ্গে একটি টেস্ট খেলতে সম্মতি জানিয়েছিল ভারতীয় বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সে কথা জানিয়েছিল বিসিসিআই কর্তারাই। ২০১৪ সালের জুনে বাংলাদেশ সফরে নির্ধারিত ২ টেস্টের সিরিজ থেকে একটি টেস্ট বাদ দিয়ে সেই টেস্টটি চলতি বছরের আগস্টে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল আইসিসি ঘোষিত ফিউচার ট্যুর প্রজেক্টও ( এফটিপি)। জুনে জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে, জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৪ টেস্টের সফরসূচি ইতিমধ্যে ঘোষিত হয়েছে। অক্টোবরে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্ট ৫ ওয়ানডে এবং নভেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজও বিসিসিআই চূড়ান্ত করে ফেলেছে। কিন্তু আগামী আগস্টে বাংলাদেশ সফরের বিষয়টি ঝুলিয়ে রেখেছে বিসিসিআই। ভারত সফর যে অনিশ্চিত হয়ে পড়ছে, তা মেনে নিয়ে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, 'এ বছরের বাকি সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ব্যস্ত হয়ে পড়ছে। নির্দিষ্ট সময় বের করতে পারা কঠিন বলে মনে করছে বিসিসিআই।' তিনি বলেন, 'আমাদের জন্য কীভাবে সময় বের করা যায়, তা নিয়ে কাজ করছে বলে জানিয়েছে বিসিসিআই। সফরের জন্য মাস নয়, নির্দিষ্ট করে দিন উল্লেখ করতে ভারতীয় বোর্জের কাছে দাবি জানিয়েছি আমরা। কিন্তু এখনও পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে কোনো কিছু জানায়নি বিসিসিআই।' এখনও আইসিসির এফটিপিতে আগস্টের শেষ সপ্তাহ এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ ফাঁকা। আগামী ডিসেম্বরের শেষ ও জানুয়ারির প্রথম সপ্তাহও ফাঁকা। তবে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ২ টি ২০ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরসূচি সম্প্রতি নিউজিল্যান্ড ক্রিকেট প্রকাশ করায় আগামী অগস্ট-সেপ্টেম্বর ছাড়া আপাতত ভারত সফরের উপায় খুঁজে পাচ্ছে না বিসিবিও।
প্রতি বছরের মতো এবারও আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার দুপুর ১২টার দিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এই আমন্ত্রণ কার্ড গ্রহণ করেন দলটির উপকমিটির সদস্য মৃনাল কান্তি। বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক আকন্দ কুদ্দুসুর রহমান, সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহীন। বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স যুগান্তরকে বলেন, 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হয়েছে। এটি মৃনাল কান্তি গ্রহণ করেছেন।' উল্লেখ্য, আগামী ১১ জুন রাজনীতিবিদদের সম্মানে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ৪ নং হলে এই ইফতারের আয়োজন করেছে বিএনপি।
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। তবে ফেসবুক অ্যাকাউন্ট অক্ষত রয়েছে। আওয়ার মাইন টিম নামের হ্যাকার গ্রুপ দাবি করে, মার্ক জাকারবার্গের টুইটার ও পিন্টারস্টে অ্যাকাউন্ট দখলে নিয়েছে তারা। খবর এনডিটিভিজাকারবার্গ সব অ্যাকাউন্টে ‘dadada’ পাসওয়ার্ড ব্যবহার করতেন বলে জানায় হ্যাকার গ্রুপ।
হ্যাকার গ্রুপটি দাবি করেছে, কয়েক সপ্তাহ আগে লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর হ্যাকার যে পাসওয়ার্ডগুলো ডার্ক ওয়েবে ছেড়েছিল, তা কাজে লাগিয়ে এ হ্যাক করা হয়েছে। ওই হ্যাকার গ্রুপটির টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। হ্যাকার গ্রুপটি জাকারবার্গের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের দাবি করলেও ফেসবুক কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ফেসবুক সিস্টেম বা অ্যাকাউন্টে কোনো হামলা চালানো হয়নি। জাকারবার্গের যে অ্যাকাউন্টগুলো হাতিয়ে নেওয়া হয়েছিল, তা আবার সুরক্ষিত করা হয়েছে। হ্যাকিং নিয়ে অবশ্য ফেসবুক কর্তৃপক্ষও সমালোচনার মুখে রয়েছে। অনেকেই অভিযোগ করছেন, গোপনে ব্যবহারকারীদের চ্যাট রেকর্ড ও স্ক্যান করে রাখছে ফেসবুক। ফেসবুকের পছন্দানুযায়ী নিউজফিড বা বিজ্ঞাপন দেখাতে তারা স্মার্টফোনের মাইক্রোফোন হ্যাক করছে। ফেসবুক অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছে। সম্প্রতি লিঙ্কডইন কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইট হ্যাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, প্রায় ১১ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ইউজার নেম ও পাসওয়ার্ড চুরি হয়েছে। যাদের পাসওয়ার্ড চুরি হয়েছে, তাদের পাসওয়ার্ড রিসেট করার প্রক্রিয়াটি নিয়ে কাজ চলছে। যেসব অ্যাকাউন্টের ওপর প্রভাব পড়ছে, সেগুলো অচল করে দিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।